February 07, 2015

প্রিয় বন্ধুরা

প্রিয় বন্ধুরা,
নিজের OPEN DIARY থেকে বেশ কিছুদিন দূরে থাকার পর আবার ফিরে এলাম। এবার সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। সরাসরি বাংলায়। নিজের ভাষায় প্রাণ খুলে আগে দু'টি কথা তো লিখি, তারপর নাহয় আমার অবাঙালী পাঠকদের কথা ভেবে আবার ইংরেজীর দ্বারস্থ হওয়া যাবে।
আমার গল্প লেখার যাত্রা যথারীতি চলছে, তবে গতি খুবই শম্বুক। তবে প্রাথমিক পর্যায়ের সেই তড়িৎ গতি যে আদৌ ধরে রাখা সম্ভব নয়, তা আমি বিলক্ষণ জানতাম। যত লিখছি, তত যেন ভান্ডার ছোট হয়ে আসছে। যাহোক,  আমি তবুও আশাবাদী। দেখি কী হয়।
মাঝখানে "হঠাৎ আলোর রোশনাই" প্রকাশিত হল "ঋত্বিক" ম্যাগাজিনে। "একটি গল্প লেখার গল্প" বের হল "সারাক্ষণ" ম্যাগাজিনে। "উত্তরণ" বের হল "তবুও প্রয়াস" পত্রিকার বইমেলা সংখ্যায়, যদিও হাতে পাইনি, শীঘ্রই পাব। স্বরচিত কবিতা "শিশু বিদ্রোহ"-কে অনুসরণ করে রচনা করলাম "ঘুমিয়ে আছে শিশুর পিতা...", প্রকাশিত হল "পারক" পত্রিকায়, যা শীঘ্রই হাতে পাব। "সৃজন" পত্রিকার সম্পাদকমন্ডলীর বিশেষ অনুরোধে রচনা করলাম "বেহিসাবী শীত-কথা" নামাঙ্কিত একটি বিশেষ প্রবন্ধ, যা প্রকাশিত হল ওঁদের বইমেলা সংখ্যায়। "বাসভূমি" পত্রিকার মাননীয় সম্পাদকের বিশেষ অনুরোধে রচনা করলাম "কাজলের গল্প", যা প্রকাশিত হল পত্রিকাটির বিশেষ বৃহন্নলা সংখ্যায়।
আসছে কয়েক মাসে "অসময়", "আলাপপর্ব", "প্রসাদ", "মুকুর" (শেষোক্ত পত্রিকাটি একটি লিটল ম্যাগাজিন) আমার গল্প প্রকাশ করতে চলেছে। সাগ্রহে অপেক্ষা করে আছি।
গত অক্টোবরে "দেশ" পত্রিকায় "সন্ধ্যাতারা" প্রকাশিত হওয়ার পর এবং পরিচিত পাঠকমন্ডলীর সদর্থক পাঠ-প্রতিক্রিয়া শোনার পর, নিজের লেখনী নিয়ে যেন একঝুড়ি আত্মবিশ্বাস পেয়েছি।
সবার শুভেচ্ছা ও ভালবাসায় সমৃদ্ধ হয়ে লিখছি। আসছে দিনগুলিতে দেখি কী হয়।